কানাডার জনগুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা বাড়ছে

৫ জুন, ২০২৩ ০১:৪১  

বৈশ্বিক পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির জন্য কানাডায় বেশ কয়েকটি বড় পাইপলাইন রয়েছে। বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সন মবিল ও রয়্যাল ডাচ শেল এখানে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।

তবে এই পাইপলাইনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাম্প্রতিক সময়ে সাইবার আক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন কানাডা’র প্রতিরক্ষামন্ত্রী আনিতা আনান্দ।

সিঙ্গাপুরে আয়োজিত এশিয়ান সিকিউরিটি সামিটে সাক্ষাৎকার দেয়ার সময় আনান্দ জানান, ‘‌উত্তর আমেরিকায় সাইবার হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’ তবে তিনি হামলার সঙ্গে কোন দেশ জড়িত সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আনিতা আনান্দ বলেন, ‘‌ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ সমস্যা সমাধানে কানাডার বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে সচেতনতার সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হচ্ছে।’

গত মাসে এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন যেকোনো সময় জ্বালানি তেল, গ্যাস ও রেল যোগাযোগসহ গুরুত্বপূর্ণ খাতে সাইবার আক্রমণ চালাতে পারে। এর আগে গবেষকরা জানতে পারেন, চীনের হ্যাকিং গ্রুপগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের অবকাঠামোগুলোর ওপর নজরদারি করে আসছে।